উত্তরদিনাজপুর

চতুর্থ শ্রেনীর দুই ছাত্রীর উপর প্রাথমিক শিক্ষকের পাশবিক অত্যাচার

ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ক্রমশ নাবালিকাদের উপর যৌন নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। একদিকে যখন ধর্ষণ কান্ডে দেশ তোলপাড় হচ্ছে। তখন উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের নাকের ডগায় ৪র্থ শ্রেণীর দুই নাবালিকা ছাত্রীর সাথে স্কুলে লাগাতার ১ মাস ধরে পাশবিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে।

        উত্তর দিনাজপুর জেলা সদর কর্নজোড়া এলাকার এক সরকারি প্রাথমিক স্কুলে প্রায় মাস খানেক ধরে চতুর্থ শ্রেনীর দুই শিশু ছাত্রীকে ভয় দেখিয়ে স্কুলের ভেতরে লাগাতার ধর্ষন করার অভিযোগ উঠলো স্কুলেরই এক শিক্ষক ব্রজেন দেবশর্মার বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আরও অভিযোগ সব ঘটনা ধামাচাপা দিয়ে রাখতে ওই নাবালিকা শিশুদের কেটে টুকরো টুকরো করে দেবার ভয় দেখাতো। শুধু স্কুলের ভেতর ঘর বন্ধ করে নয়। স্কুল থেকে প্রায় ৪ কিমি দূরে বামুহাঘাট এলাকায় নিয়ে গিয়েও ধর্ষণ করার অভিযোগ ওঠে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ভয়ে ওই দুই শিশু কাউকে কিছু না বললেও তাদেরই একজনের ভাইয়ের নজরে আসে বিষয়টি, সেই গিয়ে বাড়িতে জানায়। কিন্তু জানালেই কি হবে? স্বাভাবিক ভাবেই ওই ক্লাস ১ এর ছাত্রর কপালে জোটে মায়ের হাতে উত্তম মধ্যম। মা বলে দেন শিক্ষক গুরুজন তার সম্পর্কে কোনো খারাপ কথা বলা যায়না। কিন্তু এরপরেও একই ধরনের ঘটনা নজরে আসায় সেই ছাত্রই বাড়িতে ফের জানায়। এরপরেই বাড়ির লোকেদের সন্দেহ হয়। খোজ করতেই সব তথ্য বেড়িয়ে আসে। এই ঘটনায় কর্নজোড় পুলিশ ফাড়িতে লিখিত অভিযোগ করে ওই দুই শিশুর পরিবার। পুলিশ ওই দুই শিশুকে মেডিকেল টেস্টের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত শিক্ষক ব্রজেন দেবশর্মা ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে। ঘটনায় অভিযুক্ত শিক্ষকের খোজে ব্যাপক তল্লাসী শুরু করেছে পুলিশ।

        এবিষয়ে ওই দুই পরিবারের দাবী, তারা প্রথমে ঘটনাটি বিশ্বাস করেননি। কারন শিক্ষক গুরুজন। কিন্তু পুনরায় ওই ছাত্রটি ঘটনার কথা জানালে তারা সচেতন হন ও কর্নজোড় পুলিশ ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের একটাই দাবী অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি হোক। 

        দেশ সহ রাজ্যের রাজধানী কলকাতার বুকে থাকা বিভিন্ন স্কুলের ভেতর নালিকাদের যৌন হেনস্থায় উত্তাল হচ্ছে সব মহল। কিন্তু তাতে কি সংযত হচ্ছে পুরুষ সমাজ? কমছে নাবালিকাদের ওপর যৌন নির্যাতনের ঘটনা ? দেশের আইনকে কি ভয় পাচ্ছে নারকীয় মানসিকতার কিছু পুরুষ সমাজ ? দুর্ভাগ্যজনক এই ঘটনা কিন্তু দাবী করছে এই প্রশ্নাবলীর সবকটা উত্তর এক কথায়,"না"।